গণসংগীতের স্বীকৃতির দাবি
‘অসুর বিনাশী সুরের আগুন’ ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা-২০১৪’।
গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার শুক্রবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে এই উৎসব উদ্বোধন করেন।
উদ্বোধনের পর এক আলোচনা সভায় উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন,"দিন দিন গণসংগীত নিয়ে চর্চাকারীদের সংখ্যা ও মান বৃদ্ধি পেয়েছে। এবারের প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগীদের সংখ্যাই তা প্রমাণ করে।"
গণসংগীতকে সংগীতের স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান তিনি।
উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে তালিকাভুক্তির অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “গণসংগীতের স্বীকৃতির দাবিতে আমরা এক সংগ্রামে নেমেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।"
ভারতের পশ্চিমবঙ্গের লোকসংগীত গবেষক ও শিল্পী শুভেন্দু মাঁইতি বলেন, “প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম কালের বিবর্তনে মানুষের বিরুদ্ধে মানুষের যুদ্ধে পরিণত হয়। সেই যুদ্ধের সময়ে ভেতর থেকে যে সংগীত উঠে আসে তার নাম হলো গণসংগীত। গণসংগীত হচ্ছে লোকসংগীতের আধুনিকতমরূপ।”
উদীচীর সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে অন্যদের মধ্যে গণসংগীত উৎসব প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি শংকর সাঁওজাল,গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ড. চন্দন দাস আলোচনায় অংশ নেন। সঞ্চালনায় ছিলেন উদীচীর জামসেদ আনোয়ার তপন।
বিকাল সাড়ে ৪টায় গণসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই উদীচী সংগীত বিভাগের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন জাতীয় সংগীত, তাদের সঙ্গে সুর মেলান উপস্থিত দর্শকরা।
জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কামরুদ্দিন আবসার; উদীচীর পতাকা উত্তোলন করেন কামাল লোহানী।
পতাকা উত্তোলনের পর দলীয় সংগীতসহ বেশ কয়েকটি গণসংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এরপর কামরুদ্দিন আবসার উৎসব উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এরপর ঢোল, করতাল ও বাঁশির সঙ্গে নৃত্যের তালে তালে শোভাযাত্রা নিয়ে শিল্পকলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন উদীচীর কর্মীরা।
আলোচনা সভার পর সন্ধ্যায় ফানুস ওড়ানো হয়, পরে দলীয় নৃত্য পরিবেশন করে উদীচীর নৃত্য বিভাগ। ঋষিজ শিল্পীগোষ্ঠী, গণসংগীত প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের আটটি বিভাগে প্রথম স্থান অধিকার করা শিল্পী ও দল গণসংগীত পরিবেশন করে।
সংগীতশিল্পী সায়ান চৌধুরীর একক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মঞ্চ পরিবেশনা। পরে তুষার দে, ফকির আলমগীর, হাবিবুল আলম, ঐশিকা নদী, নিবেদিতা তপু শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সকাল ১০টা থেকে শুরু হয় জাতীয় পর্যায়ের গণসংগীত প্রতিযোগিতা।
জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে দেশের আটটি বিভাগীয় পর্যায়ের (ঢাকা পূর্ব ও পশ্চিমসহ) চূড়ান্ত বাছাইরা জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নেয়।
