২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতলবে সেতু ভেঙে ট্রাক খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেইলি সেতু ভেঙে একটি ট্রাক খাদে পড়ার পর উপজেলার সঙ্গে ঢাকাসহ বিভিন্ন স্থানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 09:02 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর মতলব থেকে ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, রায়পুরসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জাহিদ হোসেন বলেন, ঢাকা থেকে মতলবগামী সিমেন্টবোঝাই ট্রাকটি নাগদা এলাকার একটি নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কে বেইলি সেতু পার হওয়ার সময় সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে।

সেতুটি সর্বোচ্চ ১০ টন ওজন বহনে সক্ষম হলেও মদিনা গ্রুপের ট্রাকটিতে ৪০ টন সিমেন্ট ছিল বলে জানান তিনি।

ট্রাকটির অতিরিক্ত ওজনের কারণেই সেতু ভেঙে পড়েছে দাবি করে তিনি বলেন, বিকালে ট্রাকটি ক্রেন দিয়ে টেনে তোলার পর সিমেন্টসহ সেটি আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সেতু মেরামতের পর শনিবার থেকে শনিবার বিকাল নাগাদ যান চলাচল শুরু হতে পারে বলে জানান প্রকৌশলী জাহিদ।