২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষার্থীকে মারধর

চাঁদা না দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 07:04 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদার বকশ আবাসিক হলে এই ঘটনা ঘটে বলে মারধরের শিকার আবদুল হান্নান জানান।

আবদুল হান্নান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এ হামলা চালিয়েছেন বলে তিনি দাবি করলেও সংগঠনটি তা অস্বীকার করেছে।

আবদুল হান্নান জানান, তিনি হলের ২৫৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ও লাকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল বাকীর নেতৃত্বে ছাত্রলীগের ৭-৮ জন কর্মী হান্নানকে শিবির সন্দেহে হলের ২৪০ নম্বর কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

কিন্তু তিনি শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করলে ওই কক্ষে কম্পিউটারে উচ্চ শব্দে মিউজিক বাজিয়ে রড ও লাঠি দিয়ে ব্যাপক মারধর করে।

পরে পুলিশ তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আবদুল্লাহ আল বাকী তার কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় এ হামলা চালানো হয় বলে দাবি করেন হান্নান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেন, পায়ের গোড়ালির এক্স-রে করতে দেয়া হয়েছে। এর রিপোর্ট পাওয়ার আগে কিছু বলা যাবে না।

এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন বলেন, “আমি বিস্তারিত জানি না। পরে জানাব।”

ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, “আমি ব্যক্তিগত কাজে ক্যাম্পাসের বাইরে আছি। তাই কী হয়েছে বলতে পারব না।”

মতিহান থানার ওসি এবিএম রেজাউল ইসলাম বলেন, হলে এক শিক্ষার্থীকে মারধরের কথা জানতে পেরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করিয়েছে। তিনি এখন চিকিৎসাধীন আছেন।