দিনাজপুরে ৪শ শিশুর জন্মদিন উৎসব
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শুক্রবার প্রায় চারশ শিশুর ব্যতিক্রমধর্মী একটি জন্মদিন উৎসব পালিত হয়েছে।
বীরগঞ্জ পৌর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বর্ণিল এই জন্মদিন উৎসবের প্রতিপাদ্য ছিল, ‘প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন, জীবন তার ভরে উঠুক পরিপূর্ণতায়, প্রতিটি হদয়ের জন্য আমাদের প্রার্থনা অর্জিত হয় যেন তা ইচ্ছার দৃঢ়তায়’।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর কেক কেটে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় শিশুরা বেলুন ফুলিয়ে গানে গানে উৎসবে মেতে ওঠে।
এর আগে হাতে শিশুদের তুলে দেয়া হয় জন্মদিনের টুপি, বেলুন, চকলেট, ছাতাসহ নানা উপকরণ।
উৎসবের শেষ পর্বে ছিল সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনায় নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এখানে অংশ নেয় শিশু সুমি আকতার (৮), মিলি (৮), আলমগীর (৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, আগে জন্মদিন বুঝতাম না। একসাথে এভাবে জন্মদিন পালন আমাদের খুব ভাল লেগেছে।
শিশুদের এক অভিভাবক সুরত জামান জানান, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতার কারণে তার শিশুকন্যা সুমি স্কুলে যেতে পারে। তারা সন্তানকে স্কুলে পাঠানোর জন্য যেমন তাগাদা দেয়, আর্থিকভাবেও সহযোগিতা করে।
ওয়র্ল্ড ভিশনের সিনিয়র এডিপি ম্যানেজার এডভেন্টট্রিপলেন্ড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর মাধ্যমে শিশুদের সঙ্গে তাদের পিতা-মাতারাও একদিনের জন্য একটি উৎসব পালন করছে, যেটা তারা পারিবারিকভাবে করতে পারে না।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর বীরগঞ্জ এডিপি এই উৎসবের আয়োজন করে।
এডভেন্টট্রিপলেন্ডের সভাপতিত্বে উৎসবে উপজেলা সমাজসেবা অফিসার মতিয়ার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
