২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ভোটের দিন গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

উপজেলা নির্বাচনের সময় খুলনায় গুলিবিদ্ধ স্থানীয় এক যুবলীগ নেতা ছয়দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসাপাতালে মারা গেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 01:48 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

নিহত সেলিম পাটোয়ারী (৩৫) রূপসা উপজেলার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছিলেন।  তিনি উপজেলার তিলক স্বল্পবাহিরদিয়া গ্রামের মৃত তাইজুল ইসলামের ছেলে।

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকার বক্ষব্যধি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান সেলিম।

গত ২৩ মার্চ চতুর্থ দফা উপজেলা নির্বাচনের দিন রূপসা উপজেলার সামন্তসেনা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার চুরি যাওয়ার পর গোলযোগ শুরু হয়।

এরপর সেখানে গুলিতে সেলিমসহ অন্তত ১০জন আহত হন বলে জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. শেখ বাহারুল আলম।

বুকে গুলিবিদ্ধ সেলিমকে ওই দিনই খুলনা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বক্ষ্যব্যধি হাসপাতালের আবাসিক চিকিৎসক এ কে এম একরামুল হক জানান, সেলিমের বুকে গুলির ছিদ্র ছিল, তবে গুলি ছিল না।  বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

খুলনার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সেদিন ফাঁকা গুলি ছোড়ার পর সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির সমর্থক হাবিবুর রহমানের গুলিতে সেলিম আহত হন।”

হাবিবকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ওই ঘটনার পর থেকেই সে পলাতক।”