অনুমতি ছাড়া বিদেশ গমণ: জবি অধ্যাপকের পদাবনতি
বিনা অনুমতিতে বিদেশ গমণ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিস বিভাগের চেয়ারম্যান ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক ড. রইছ উদ্দীনকে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৬২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ড. রইছ উদ্দীনকে সহযোগী অধ্যাপকে পদাবনতি দেয়া হয়েছে। আগামী পাঁচ বছর তিনি কোন পদোন্নতি পাবেন না। এছাড়াও ১০ বছর প্রশাসনিক কোন কাজের দায়িত্বও পাবেন না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ড. রইছ উদ্দীন যে অপরাধ করেছেন তাতে তার চাকরি চলে যাওয়ার কথা। কিন্তু মানবিক কারণ বিবেচনা করে তার বিরুদ্ধে পদাবনতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে ড. রইছ উদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
গত ১৩ মার্চ ড. রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে পাঁচ দিনের নৈমিত্তিক ছুটি আবেদন করেছিলেন। ১৪ মার্চ ছুটি অনুমোদন হওয়ার আগেই তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেন।
