২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের উন্নয়নে রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই’

বাংলাদেশের সার্বিক উন্নয়নে জনগণের প্রত্যাশা পূরণে সব রাজনৈতিক দলের মধ্যে স্থায়ী সমঝোতার বিকল্প নেই বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের দুই প্রতিনিধি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 12:14 AM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সমাবেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের কাছে এই মত ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিবের ম্যানেজমেন্ট টিমের প্রধান তথা সেফ দ্য ক্যাবিনেট সুজানা মালকোরা এবং জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মার্ক লিয়েল গ্র্যান্ট।

এতে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, জাপান, ভারত, পাকিস্তান, ইরাক, সৌদি আরব, কুয়েত ও কাতারসহ শতাধিক দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুজানা মালকোরা বলেন, “এটি এখন খুবই গুরুত্বপূর্ণ যে, সর্বসাধারণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিতে হবে এবং তাহলেই গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরো সুসংহত হবে।

“একইসঙ্গে বিভিন্ন কারণে প্রধান প্রধান দলের মধ্যে যে অনৈক্য রয়েছে তা দূর করতে সত্যিকারের সংলাপ শুরু করা উচিত। সংলাপের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে চলার পথ সুগম করতে সক্ষম হবে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে এটি আমার কামনা এবং জাতিসংঘ সেটি প্রত্যাশা করে।”

ইতিমধ্যেই সংলাপে বসার উদ্যোগ ভেস্তে যাওয়ায় বিকল্প কোনো প্রস্তাব জাতিসংঘের রয়েছে কিনা জানতে চাইলে মহাসচিবের এই প্রতিনিধি বলেন, “বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত করার স্বার্থে উন্নয়নের ধারায় সকল জনগোষ্ঠিকে একীভূত করতে হবে। সামাজিক অশান্তি দূর করতে বিবদমান গ্রুপগুলোকে ঐক্যের মোহনায় নিয়ে যেতে সংলাপের কোনো বিকল্প নেই।

“এটি পরম সত্য যে, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের সকলকে ঐক্যবদ্ধ হতেই হবে। আমরা সবসময় বলে আসছি যে, সকলের কল্যাণের স্বার্থে তথা বাংলাদেশের ভবিষ্যত উজ্জ্বল করতে ঐকমত্যে উপনীত হওয়ার বিকল্প নেই।”

জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মার্ক লিয়েল গ্র্যান্ট বিডিনিউজকে বলেন বলেন, “গণতন্ত্র এবং উন্নয়ন হচ্ছে পরস্পরের পরিপূরক। এদুটির সমন্বয় সাধনের জন্যে সকল রাজনৈতিক দলের গঠনমূলক অংশগ্রহণ জরুরি। এবং এটি সম্ভব হলেই জাতীয় উন্নয়ন নিয়ে সকল সংশয় দূর হবে।

“বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে সকল মতের মানুষের সিভিল এবং রাজনৈতিক অধিকার সুরক্ষা হয়।”

স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠানে কেক কাটেন সুজানা মালকোরা। এসময় সঙ্গে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এ মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন।

এর আগে বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল অংশ নেন।