এক সপ্তাহেও ফেনীতে মেলেনি রিপনের খোঁজ
ফেনীতে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের (৩০) খোঁজ পেতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
নিখোঁজ হওয়ার সাতদিন পর বৃহস্পতিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে রিপনের স্ত্রী আকলিমা আক্তার, মা রৌশনারা বেগমসহ পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে আকলিমা লিখিত বক্তব্যে বলেন, গত ২০ মার্চ মধ্যরাতে শহরের পাঠানবাড়ী রোডের আল বিরুনী কিন্ডারগার্টেনের পাশের ভাড়া বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদা পোশাকধারী ৭/৮ জন রিপনকে ঘর থেকে বের করে একটি মাইক্রোবাসে করে নিয়ে যায়।
পরদিন সকালে রিপনের খোঁজে পরিবারের সদস্যরা ফেনীর র্যাব-৭ ক্যাম্পে গেলে র্যাব ক্যাম্পে রিপন নামের কাউকে আটক করা হয়নি বলে জানানো হয়।
এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেয়ায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আকলিমা।
এ সময় রিপনের মা রৌশনারা বেগম জেলা বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের কোন নেতা তার ছেলের ব্যাপারে পরিবারের সঙ্গে কোন যোগাযোগ করেনি।
ছেলের খোঁজে তিনি প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করছেন।
সংবাদ সম্মেলনে রিপনের দুই শিশু সন্তান নিশাত (৫) ও ফারিয়া (১০ মাস), বড় ভাই মাহফুজুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।
