ঢাকা-টাঙ্গাইল রুটে বাস চলাচল বন্ধ
ঢাকার মহাখালী থেকে টাঙ্গাইলের সরাসরি বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে গেছে।
রুট পারমিটবিহীন বাস চলানো নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকাল থেকে মহাখালী- টাঙ্গাইল রুটে সব যান চলাচল বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বিবাদমান পক্ষ মহাখালী বাস মালিক সমিতি ও টাঙ্গাইল বাস মালিক সমিতির নেতারা।
মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সপ্তাহ দুয়েক আগে ঝিনাইগাতী থেকে রুট পারমিটহীন একটি বাস আসলে মহাখালী বাস টার্মিনালে সেটিকে আটকে রাখা হয়। বাসটির মালিক ছিলেন টাঙ্গাইলের।
এর আগে টাঙ্গাইল বাস মালিকদের সাথে বেশ কয়েক দফা এসব গাড়ি যেন আন্তঃজেলা রুটে যেন না চালানো হয় তা নিয়ে আলোচনা হয়েছে তা উল্লেখ করে তিনি দাবি করেন, সে আলোচনা সফল না হওয়ায় বাসটি আটক করা হয়।
এরপর দিন ঢাকা-বগুড়া রুটের মহাখালী মালিক পক্ষের একটি যাত্রী বোঝাই বাস এলেঙ্গায় আটক করে টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়।
সেখানে যাত্রীদের নামিয়ে চালক ও সহকারীদের মারধর করা হয় বলে জানান তিনি।
পাল্টাপাল্টি ঘটনায় ঢাকাতেও টাঙ্গাইলের বেশ কয়েকটি বাস আটকে রাথে বিক্ষুব্ধরা বলে জানান আবুল কালাম।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান খান জানান, বুধবার সারাদিন মহাখালি বাস টার্মিনাল থেকে টাঙ্গাইলের গাড়িগুলোর যাত্রীদের নামিয়ে দিয়ে খালি গাড়ি টাঙ্গাইল ফেরত পাঠিয়ে দেয় সেখানকার মালিক ও শ্রমিকরা।
তাদের গাড়ি নিয়ে পুনরায় মহাখালী না যাওয়ার জন্যও বলা হয়েছে।
এরপরও বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল থেকে ৭/৮টি গাড়ি মহাখালী গেলে সেগুলো আটকে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন কামরুজ্জামান খান।
এরপরও টাঙ্গাইলের গাড়িগুলো ঢাকা যাচ্ছে। তবে সেগুলোকে আবদুল্লাহপুর থেকে ফেরত পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
