সীমান্তে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সীমান্তের কাছে জমিতে কাজ করার সময় গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি কৃষক।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আষাড়াদহ সীমান্ত পিলারের কাছে গুলিবিদ্ধ তোতাকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবির রাজশাহী সেক্টরের অধিনায়ক লে. কর্নেল নাজিম খান জানান, স্বজনদের কাছ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে গুরি করার অভিযোগ পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
“তারা গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন।”
হাসপতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তোতার পিটের বাম পাশে গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে।
তোতার বাবা মুক্তিযোদ্ধা মহসিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আষাড়াদহ সীমান্ত পিলারের কাছে তোতাসহ ৫/৭ জন কৃষক সেচ দিচ্ছিল।
“এ সময় তাদের লক্ষ্য করে ভারতের ডিএমসি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সীমান্তের ওপার থেকে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে তার ছেলে তোতা গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। অন্যরা পালিয়ে যায়।”
পরে গ্রামের লোকজনের সহযোগিতায় তোতাকে বেলা পৌনে ২টার দিকে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় বলে জানান তিনি।
