২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কণ্ঠ মেলাল বন্দর নগরীও

স্বাধীনতা দিবসে গাওয়া লাখো কণ্ঠে জাতীয় সংগীতে শামিল হয়েছে বন্দরনগরী চট্টগ্রামও।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 06:51 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বুধবার সকাল ১১টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির আয়োজনে গাওয়া হয় ‘আমার সোনার বাংলা’।

এতে উপস্থিত ছিলেন খেলাঘরের শিশু-কিশোর ও সংগঠক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল সাড়ে ১০টায় চেরাগী পাহাড় মোড়ে সমবেত হন সবাই। এখানে খেলাঘরের শিশুরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

এরপর সকাল ১১টায় শুরু হয় জাতীয় সংগীত। খেলাঘরের শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই গেয়ে ওঠেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।

এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের ভবনে থাকা লোকজন নিজ নিজ অবস্থানে থেকে জাতীয় সংগীতে গলা মেলান। সমবেত অনেকের হাতে ছিল লাল-সবুজের জাতীয় পতাকা।

জাতীয় সঙ্গীত শেষে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

“যুদ্ধাপরাধী-রাজাকার-আলবদর মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে অংশ নেয় চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, সুপ্রভাত সুহৃদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।