সুচিত্রাকে নিয়ে চলচ্চিত্র ‘সদরঘাট’
প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের জীবনী নিয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।
‘সদর ঘাট’ নামের এ চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তালিকাভুক্ত হয়েছে বলে মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আওয়ামী লীগের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ‘মেসার্স সরদার অ্যান্ড কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করবে।
গত ১৮ মার্চ সংসদে এক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জানিয়েছিলেন পাবনায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ করার পদক্ষেপ নিচ্ছে সরকার।
এ ব্যাপারে জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে ইনু জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় পাবনায় সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি ‘ইমাম গাজ্জালী ইনস্টিটিউটের’ কাছ থেকে উদ্ধার করা যাচ্ছে না।
গত ১৭ জানুয়ারি কলকাতায় মারা যান সুচিত্রা সেন। ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্ম নেয়া সুচিত্রার শৈশব ও কৈশোর কাটে পাবনার পৈত্রিক বাড়িতে।
বাংলা চলচ্চিত্রের সম্রাজ্ঞী হিসেবে পরিচিত সুচিত্রা সেনের শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত এই বাড়িটির অবস্থান পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে এই বাড়িটি ‘ইমাম গাজ্জালী ট্রাস্ট’ পরিচালিত একটি কিন্ডারগার্টেন স্কুলে রূপান্তর করা হয়েছে।
বাড়িটি দখল করেছেন যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহান।
