২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার নির্বাচনী এলাকায় যাচ্ছেন স্পিকার

দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার হওয়ার পর প্রথম নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ সফরে যাচ্ছেন শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 07:54 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

স্পিকার বৃহস্পতিবার পীরগঞ্জের উদ্দেশ্য ঢাকা ছাড়বেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার একান্ত সচিব মো. কামাল বিল্লাহ।

দুই দিনের এই সফরে স্পিকার কয়েকটি পথসভা এবং বিভিন্ন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন।

এছাড়া শুক্রবার পীরগঞ্জ উপজেলা পরিষদে সুধী সমাবেশেও বক্তব্য দিবেন শিরীন শারমিন।

নোয়াখালী-১ আসন থেকে শিরীন শারমিন গত ৫ জানুয়ারির নির্বাচনে সরাসরি অংশ নিতে চাইলেও দলীয় মনোনয়ন পাননি।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সুযোগ পান তিনি।

ওই উপনির্বাচনের জন্য ২০ ফেব্রুয়ারি ভোটের তারিখ রাখা হলেও আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নবম জাতীয় সংসদে প্রথমবারের মতো সংরক্ষিত মহিলা আসন থেকে আইনসভায় আসেন পেশায় আইনজীবী শিরীন শারমিন।

স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।