২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী গ্রামে সোমবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 06:28 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

গ্রেপ্তার হোসাইন মো. কচি (৩০) মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। পলাতক চার জন হলেন পট্টি বাবু, লাল শরিফ, তৌসিক ও জামাল প্রধানিয়া।

মঙ্গলবার ওই গৃহবধূ বাদী হয়ে এ পাঁচ জনকে আসামি করে মতলব দক্ষিণ থানা একটি ধর্ষণের মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে মতলব দক্ষিণ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। তার জামিনের খরচের জন্য রানা নামে তাদের এক আত্মীয় ৩৭ হাজার টাকা নিয়ে তাদের কলাদী গ্রামের বাড়িতে যান।

বিষয়টি জানতে পেরে সোমবার রাত ৯টায় ছাত্রলীগের ওই পাঁচ নেতাকর্মী জোরপূর্বক ওই নারীর ঘরে প্রবেশ করে।

তারা ঘরে ঢুকে ওই নারীর সাড়ে ৪ বছরের ছেলে, শাশুড়ি ও ছোটভাইকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে।

এরপর তারা রানার কাছ থেকে ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং রানার সঙ্গে ওই নারীর নগ্ন ছবি তোলে ও মারধর করে।

“পরে তাদের মধ্যে তিনজন ওই গুহবধূকে ধর্ষণ করে এবং অপর দুজন তাদের সহায়তা করে।”

ভোরে ধর্ষণকারীরা রানার কাছে আরো টাকা দাবি করলে তিনি টাকা আনার কথা বলে বের হয়ে বিষয়টি মতলব থানা পুলিশকে জানান। দুপুরে পুলিশ কচিকে গ্রেপ্তার করে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ধর্ষনের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।