‘নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিতে গিয়ে শিক্ষক লাঞ্ছিত’
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে এক কলেজ শিক্ষক লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কাঠালিয়া তোফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের প্রভাষক তপন চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজের শিক্ষক-কর্মচারীরা সবাই মিলে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে সংবর্ধনা জানাতে যাই।
“কিন্তু চেয়ারম্যানের পক্ষে কাজ করিনি অভিযোগ তুলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিতও করেন।”
এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ মাহাতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিজেদের মধ্যে একটু-আধটু সামান্য ঘটনা ঘটেছে।
“বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান ফারুক সিকদারের মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।
আওয়ামী লীগের সমর্থন নিয়ে গত ২৩ মার্চের নির্বাচনে ফারুক সিকদার চেয়ারম্যান নির্বাচিত হন।
