পুরনো সড়কে নতুন করে টোল নয়: যোগাযোগ মন্ত্রী
মন্ত্রিসভার অনুমোদন পাওয়া নতুন টোল নীতিমালার মাধ্যমে বিদ্যমান জাতীয়, আঞ্চলিক বা জেলা সড়কগুলোতে নতুন করে টোল আরোপ করা হবে না বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “নতুনভাবে কোনো সড়ক নির্মিত হলে সে সড়কে কোন টোল আরোপ করা হবে কি না তা সরকার সার্বিক দিক বিবেচনা করে যথাসময়ে সিদ্ধান্ত নেবে।”
সোমবার মন্ত্রিসভা টোল নীতিমালা-২০১৪ অনুমোদন করার পর মঙ্গলবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
ফাইল ছবি
তিনি বলেন, “টোল নীতিমালা নিয়ে আজ বিভিন্ন পত্রিকায় নানাভাবে সংবাদ উপস্থাপন করা হয়েছে। এর ফলে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি স্পষ্ট করার জন্যই এ সংবাদ সম্মেলন।”
মন্ত্রী বলেন, বর্তমানে ১৮৫১ সালের ‘টোল অ্যাক্ট’ অনুযায়ী অর্থ বিভাগের সম্মতিতে টোল আদায় করা হয়। কিন্তু এতে প্রায়ই বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়।
“এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য টোল আদায় পদ্ধতি স্বচ্ছ, আধুনিক, যুগোপযোগী ও সমন্বিত করতে এ নীতিমালা করা হয়েছে।”
যোগাযোগ মন্ত্রী জানান, বর্তমানে চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড, হাটিকুমরুল-বনপাড়া এবং হবিগঞ্জের রুস্তমপুর থেকে সিলেট জাফলং পর্যন্ত সড়কে টোল আদায় করা হয়। এছাড়া ৬১টি সেতু ও ৫০টি ফেরিঘাটে টোল আদায় করা হয়ে থাকে।
বিদ্যমান সড়কগুলোতে নতুন করে কোনো টোল আদায় করা হবে না জানিয়ে তিনি বলেন, “সড়ক, সেতু ও ফেরির বর্তমান ইজারা চুক্তির মেয়াদ শেষ না হওয়া পযন্ত তা বলবৎ থাকবে। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নতুন টোল নীতিমালা অনুযায়ী পুনরায় ইজারা দেয়ার উদ্যেগ নেয়া হবে।”
মন্ত্রী জানান, নতুন নীতিমালা অনুযায়ী ২০০ মিটারের কম দৈর্ঘ্যের সব সেতু টোলের আওতামুক্ত রাখা হয়েছে। তবে ফেরির বদলে নতুন স্থায়ী সেতু নির্মিত হলে দৈর্ঘ্য নির্বিশেষে কমপক্ষে এক বছর পর্যন্ত টোল আদায় হবে।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব ভুল তথ্য উপস্থাপন করেছেন, না মন্ত্রণালয় থেকে ভুল তথ্য সরবরাহ করা হয়েছে- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “এ বিষয়ে বিতর্কে যেতে চাই না, একেকজনের প্রেজেনটেশন একেক রকম। হয়তো পারসেপশনে ভুল হতে পারে।”
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে জানানো হয়, সেতুর পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কগুলোকে টোলের আওতায় আনছে সরকার। টোলের হার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা।
সড়কে চলতেও টোল
