২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেকর্ড গড়লে মুক্তিযুদ্ধের চেতনা বোঝায় না’

জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়া নয়, বরং জনগণের মধ্যে সম্পদের বণ্টনই মুক্তিযুদ্ধের চেতনা বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 12:23 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে কমিটির বিক্ষোভ সমাবেশে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আনু মুহাম্মদ বলেন, “জাতীয় সংগীত গেয়ে বিশ্বরেকর্ড গড়লে মুক্তিযুদ্ধের চেতনা বোঝায় না। মুক্তিযুদ্ধের চেতনা মানে দেশের জনগণের মধ্যে সম্পদকে বণ্টন করা, বিদেশিদের হাতে কমিশনের আশায় সম্পদ তুলে দেয়া নয়।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “সংসদে আপনি বলেছেন কাজ না পাওয়ায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করা হচ্ছে। আপনি (শেখ হাসিনা) পরিষ্কার করে বলুন, কারা কাজ না পেয়ে বিরোধিতা করছে? এই ধরনের গল্প ও কাহিনী বলা বাদ দিন।”

বিদ্যুত খাতে ব্যয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে এই খাতে দুর্নীতিকে দায়ী করেন অর্থনীতির এই অধ্যাপক।

রামপালের বিদ্যুৎ প্রকল্প বাতিলের পাশাপাশি তিনি সমুদ্রের গ্যাস সম্পদ ‘লুণ্ঠন ও পাচারের চুক্তি’ বাতিলের দাবিও জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হয়, যাতে বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির রাগীব আহসান মুন্না ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী ছিলেন।