২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে হরতালে বিএনপি-পুলিশ সংঘর্ষ

ফেনীর সোনাগাজী উপজেলায় হরতাল চলাকালে পুলিশ ও বিএনপিকর্মীদের সংঘর্ষ হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 08:26 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার এ সংঘর্ষ চলাকালে পুলিশ শটগানের ১৫ রাউন্ড গুলি ও চারটি টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করেছে। হরতালকারীরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

এতে অন্তত চার জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মোহাম্মদ ছালেহ জানান, দুপুরে হরতাল সমর্থনে বিএনপিকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলা শহরের জিরো পয়েন্টে পৌঁছলে পুলিশ বাধা দেয়।

এ সময় বিএনপিকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ২৫-২৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটনায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ রাউন্ড শটগানের গুলি ও চার রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

পরে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

রোববার (২৩ মার্চ) সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির অভিযোগ তুলে উপজেলা বিএনপি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।