বাগেরহাটে অপহৃত শিশু উদ্ধার, শিবির নেতা গ্রেপ্তার
বাগেরহাটের কচুয়া উপজেলায় অপহৃত এক শিশুকে উদ্ধার করে অপহরণকারী অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে পার্শবর্তী পিরোজপুর সদর উপজেলার গণকপাড়ায় অবস্থিত ওই শিবির নেতার (তৌহিদ) সহযোগী আল আমিনের বাড়ি থেকে অপহৃত শিশু ফয়সালকে (৬) পুলিশ উদ্ধার করে।
ফয়সালের পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোরে উপজেলার ধোপাখালী ইউনিয়নের মেছোখালী গ্রামের মোস্তফা শেখের ছেলে ফয়সাল স্থানীয় মক্তবে কুরআন পড়তে যাচ্ছিল।
পথে ওই শিবির নেতা ফয়সালকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে ফয়সালের বাবার মোবাইল ফোনে পঞ্চাশ হাজার টাকা দাবি করেন।
ফয়সালের বাবা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে শিবির নেতা তাওহিদকে বারোদাড়িয়া থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অপহ্নত শিশু ফয়সালকে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে তাওহিদুলের সহযোগীরা পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
তাওহিদুল ইসলাম কচুয়ার ধোপাখালী ইউনিয়নের বারো দাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
