চুয়াডাঙ্গা সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রাম থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বিজিবি।
নিহত যুবক আহাদ আলী (৩২) দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। স্থানীয়ভাবে বিএসএফের গুলিতে তার নিহত হওয়ার কথা শোনা গেলেও পুলিশ বা বিজিবি বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
ফাইল ছবি
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, কুতুবপুর গ্রামটি ভারত সীমান্তের লাগোয়া। ওই গ্রামের মাঠের মধ্যে মুন্সীপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ ওই লাশ পড়ে থাকতে দেখেন।
“তাকে কারা গুলি করে হত্যা করেছে জানা যায়নি। লাশ পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।”
মনিরুজ্জামান জানান, আহাদ ছোটবেলা থেকেই ভারতে মামাবাড়িতে থাকতেন। তিনি ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন বলেও জানা গেছে।
আহাদ বিএসএফের গুলিতে নিহত হয়েছেন কিনা- সে বিষয়টি দামুড়হুদা থানার ওসি আহসান হাবিবও নিশ্চিত করতে পারেননি।
লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
