হাসান মশহুদের সমালোচনায় দুদক মহাপরিচালক
মানি লন্ডারিংয়ের ওপর এক সেমিনারে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর ওপর ক্ষোভ ঝাড়লেন বর্তমান মহাপরিচালক এমএইচ সালাহউদ্দিন।
দুদকের চেয়ারম্যান হিসেবে কাজ করতে গিয়ে সাবেক সেনাপ্রধান ‘স্বৈরশাসকের’ সমর্থনে অনেক কিছুই ‘গায়ের জোরে’ করেছিলেন বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল।
রোববার চট্টগ্রামের এলজিইডি ভবনে ‘মানি লন্ডারিংও সন্ত্রাসে অর্থায়নে জাতীয় ঝুঁকি নিরূপণ’ শীর্ষক সেমিনারে চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদের প্রশংসা করেন।
তারপর এমএইচ সালাউদ্দিন বলেন, “হাসান মশহুদ গণতান্ত্রিক পরিবেশে কাজ করেননি। তিনি অনেক কিছু গায়ের জোরে করেছেন।
“হাসান মশহুদ কোনো উদাহরণ হতে পারেন না। স্বৈরশাসকের সাপোর্ট নিয়ে হাসান মশহুদ কাজ করেছেন।”
জরুরি অবস্থা জারির পর ক্ষমতায় বসা সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে হাসান মশহুদকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। জরুরি অবস্থা শেষে নির্বাচনে গণতান্ত্রিক সরকার আসার পর ২০০৯ সালে পদত্যাগ করেন তিনি।
ওয়ান-ইলেভেনের প্রসঙ্গ টেনে উত্তেজিত কণ্ঠে দুদক মহাপরিচালক বলেন, “তিনি (হাসান মশহুদ) আমাদের জন্য হাজার মামলা রেখে গেছেন। কয়টার বিচার করেছিলেন তিনি?
“ওই সময়টা সুস্থ সময় ছিল না। দুদককে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে কাজ করতে হয়, গায়ের জোরে কাজ করতে পারে না।”
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নানা দুর্বলতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে এলেও সরকারি -বেসরকারি সব আর্থিক প্রতিষ্ঠানে ত্রুটি আছে। এমন কোনো ব্যাংক নেই যেখানে জালিয়াতি হচ্ছে না।
“অধিকাংশ ব্যাংকারের মানি লন্ডারিংয়ের ব্যাপারে সঠিক ধারণা নাই। তাদের কারণে জুনিয়র কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান।
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউডি)উপ-মহাব্যবস্থাপক একেএম এহাসান।
বিএফআইইউডির মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি মাহবুব চৌধুরী, চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা প্রধান লে. কমান্ডার নেজাম উদ্দিন, শাহ আমানত বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নাজমুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সেমিনারের যৌথ আয়োজক ছিল দুদক, বিএফআইইউডি ও বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
