সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়নি: ইসি
উপজেলা নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
সশস্ত্রবাহিনীকে ‘তাৎক্ষণিক ব্যবস্থা নিতে’ ইসির নির্দেশনার ব্যাখ্যায় তিনি রোববার ৯১ উপজেলার ভোটের দিন সংবাদ সম্মেলনে বলেন, সামরিক বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে বলে ভুল ব্যাখ্যা গণমাধ্যমে এসেছে।
“তাদেরকে (সেনাবাহিনী) ফৌজদারি দণ্ডবিধির [সিআরপিসি] ১৩১ ধারা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। এটা বিচারিক ক্ষমতা নয়।”
এ বিধানে কোনো ধরনের দাঙ্গাহাঙ্গামা হলে ত্বরিত পদক্ষেপ নিতে পারবে সশস্ত্রবাহিনী।
মোবারক বলেন, “বিশৃঙ্খলা হলে সেনাবাহিনী হা করে দাঁড়িয়ে না থেকে নিজে দায়িত্বপালনে অগ্রসর হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। কাজে বাধাগ্রস্ত হলে দায়ী ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে শুধু গ্রেপ্তার করে নিকস্টস্থ ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করবে।”
সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার মতো আইন নেই জানিয়ে তিনি বলেন, এ ক্ষমতা কখনো তাদের দেওয়া হয় না।
উপজেলায় চতুর্থ পর্বে ভোটের আগের দিন শনিবার সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেয় ইসি।
ভোট নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে বা পুনঃগণনার দাবি থাকলে নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেন মোবারক।
তিনি বলেন, “নির্বাচনের পর ইসির আর ভোট পুনঃগণনার সুযোগ নেই। এজন্য সংক্ষুব্ধ ব্যক্তিকে নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে হবে। আইন অনুযায়ী, ইসির কিছু করার নেই।”
‘মতৈক্যের’ ভিত্তিতে ইসি চলছে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের অনুপস্থিতিতে ইসির অবস্থান নিয়ে ব্যাখ্যা তুলে ধরেন আবদুল মোবারক।
“সিইসি বিদেশে থাকায় ক্ষমতা কাউকে অর্পণ করে দিতে হয় না। চার নির্বাচন কমিশনার রয়েছি। সংখ্যাধিক্যের মতের ভিত্তিতে যাবতীয় সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু আমরা মতৈক্যের ভিত্তিতেই সব করছি, সংখ্যাধিক্যেরও প্রয়োজন নেই।”
সিইসির অনুপস্থিতিতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনমনে ভুল ধারণা দেওয়া সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
