কিছু সহিংসতা, কিছু গোলযোগ: ইসি
কঠোর হুঁশিয়ারির পরও চতুর্থ ধাপের ভোটে ‘কিছু সহিংসতা ও গোলযোগ’ হয়েছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
রোববার ভোটের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানী। যথাযথভাবে নির্বাচন হয়েছে। বিচ্ছিন্ন, অবাঞ্ছিত, অহেতুক ও অনভিপ্রেত ঘটনার জন্যে কেন্দ্রও বন্ধ করা হয়েছে।”
কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে রোববার বিকাল ৪টায় ৯১ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়, যাতে মুন্সীগঞ্জের গজারিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, ঝালকাঠীর রাজাপুর ও কুমিল্লার বরুড়ায় সহিংসতায় নিহত হন চারজন।
ভোট শেষে সন্ধ্যা ৬টার পর ঢাকায় কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সামনে আসেন সিইসির দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মোবারক।
তিনি বলেন, “সহিংসতা না হওয়ার জন্যে আমরা যথেষ্ট প্রার্থনা করেছি, ব্যবস্থাও নিয়েছি। এরপরও সহিংসতা কিছু হয়েছে, গোলযোগও হয়েছে।”
এজন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ‘জয়ী হওয়ার অদম্য স্পৃহা ও কামনা’কে দায়ী করেন এই কমিশনার।
“যে কোনো কিছুর বিনিময়ে জিততে চায় কিছু মানুষ। তাদের সন্তুষ্টির অভাব থেকে এ মনোভাব।”
রাজনৈতিক দলগুলোকে নির্দলীয় এ নির্বাচনের নিয়ম যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানান মোবারক।
“আগামী ৩১ মার্চ আরেকটা নির্বাচন রয়েছে। রাজনৈতিক দলগুলোকে বিনীত আহ্বান জানাই- আপনার যেন নির্দলীয় ভোটে আইনের বিধানের প্রতি সম্মান করেন। দলীয়ভাবে ভোট করতে চাইলে আইনে পরিবর্তন আনুন।”
কমিশনার জানান, রোববার ভোটের সময় অন্তত ২০টি অভিযোগ আমলে নেওয়া হয়েছে, একজন এএসআইর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং সহিংসতা, গোলযোগ, ভোটদানে বাধা, ব্যালট ছিনিয়ে সিল মরা, অগ্নিসংযোগ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ৩২টি কেন্দ্র স্থগিত করা হয়েছে।
অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম ও ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
ভোটের আগের দিন শনিবার নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেছিলেন, সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। ব্যালট বক্স ছিনতাই করলে গুলি করা হবে।
চতুর্থ পর্বে ভোটের আগে যুক্তরাষ্ট্র থেকে সিইসির ই-মেইল পেয়ে নির্বাচন কমিশনাররা বৈঠক করেন এবং সহিংসতা ঠেকাতে সক্রিয় থাকার জন্য সশস্ত্র বাহিনীকেও চিঠি পাঠান।
