২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের এক মাস পর রিজার্ভ ট্যাংকে মিলল শিশুর লাশ

নিখোঁজের এক মাস পর রাজধানীর দারুস সালামে একটি পরিত্যক্ত ক্লিনিকের রিজার্ভ ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 07:01 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

দারুস সালাম থানার এসআই মশিউর রহমান জানান, রোববার বেলার ১২টায় সাদিয়া আক্তার মৌ নামে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় কবি নজরুল ইসলাম কিন্ডারগার্টেনের প্লে-গ্রুপের শিক্ষাথী মৌ গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল।

মৌ এর বাবার নাম মো. পাভেল। দারুসসালামের লালকুঠি এলাকার ১৮৩/সি নম্বর বাসায় স্ত্রী আর একমাত্র সন্তান মৌকে নিয়ে তার বসবাস ছিল।

এসআই মশিউর জানান, ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে ফেরার পর নিখোঁজ হয় মৌ। এরপর তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

“রোববার সকালে শিশুরা পরিত্যক্ত ওই মেটার্নিটি ক্লিনিকে খেলতে গিয়ে দুর্গন্ধ পেয়ে অভিভাবকদের জানায়। পরে অভিভাবকরা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে মৌয়ের গলিত লাশ উদ্ধার করে।”

ক্লিনিকটির জায়গায় এলাকার শিশুরা এখন খেলাধুলা করে। সেখানকার রিজার্ভ ট্যাংকের ঢাকনা না থাকায় ধারণা করা হচ্ছে এক মাস আগে মৌ খেলতে গিয়ে হয়তো পড়ে গিয়েছিল, বলেন এসআই মশিউর।

লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।