২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাক্তারকে বসানো ভুল ছিল’

আওয়ামী লীগের বিগত সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে একজন চিকিৎসককে নিয়োগ দেয়া ‘ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পটিয়া থেকে নির্বাচিত সরকার দলীয় এমপি সামশুল হক চৌধুরী।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 01:49 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সেমিনারে দেয়া বক্তব্যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীরও প্রশংসা করেন তিনি।

সামশুল হক বলেন, “ডাক্তার মন্ত্রী দিয়ে ভুল করেছিলাম। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুজনই ডাক্তার ছিলেন। এখন পেশায় ডাক্তার নয় এমন একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ভালই চালাচ্ছেন।”

গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রী সভায় নতুন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে। দায়িত্বপালনের ক্ষেত্রে জ্যেষ্ঠ এই রাজনীতিক সফল হচ্ছেন বলে দাবি করেন সামশুল হক।

পাবলিক পলিসি ফোরাম ও উন্নয়ন সংস্থা নারী প্রগতি সংঘের আয়োজনে পটিয়া, সন্দ্বীপ ও চট্টগ্রাম জেলার নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও শিক্ষাসেবা বিষয়ে আলোচনা হয়।

পাবলিক পলিসি ফোরামের উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের পূর্ববর্তী সেমিনার থেকে জানতে পেরেই সংসদে বিদ্যালয়ে ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার স্থাপনের বিষয়টি উত্থাপন করেন তিনি।

“এ প্রস্তাব এখন বাস্তবায়নের পথে। সারাদেশের সব নতুন বিদ্যালয়ে এ ব্যবস্থা চালু হলে ছাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।”

নাগরিক সংগঠন পাবলিক পলিসি ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ, দি এশিয়া ফাউন্ডেশন, ইউএসআইডি ও ইউকেএইড।

আলোচনায় সভাপতিত্ব করেন ডা. একিউএম সিরাজুল ইসলাম। এছাড়া জেলা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক জেসমিন সুলতানা পারু ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী আলোচনায় অংশ নেন।

অন্যান্যের মধ্যে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ, সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহমদ, সন্দ্বীপ পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মাস্টার আবুল কাশেম শিল্পী, পটিয়া পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক পঙ্কজ চক্রবর্তীসহ অন্যান্যরা সেমিনারের আলোচনায় অংশ নেন।