২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে নিহত ড. ওয়াসিম ঠাঁই নেবেন দেশের মাটিতে

কাবুলে তালেবান হামলায় নিহত ওয়াসিম আলীমুজ্জামানের লাশ ঢাকায় এনে সমাহিত করা হবে বলে বাংলাদেশে থাকা তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 01:00 AM

Updated : 01 Sep 2026, 12:39 PM

যুক্তরাষ্ট্রের নাগরিক ড. ওয়াসিম মালয়েশিয়ার একটি সংস্থার পক্ষে আফগানিস্তান পুনর্গঠনের কাজে নেতৃত্ব দিচ্ছিলেন।

বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানীতে হোটেল সেরেনায় তালেবানের হামলায় নিহত হন এই বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যুক্তরাষ্ট্র প্রতিনিধি জানান, ওই হামলায় নিহত নয়জনের মধ্যে দুজন বাংলাদেশি বলে নিউ ইয়র্ক টাইমসের প্রাথমিক এক প্রতিবেদনে বলা হলেও একজনের তথ্যই নিশ্চিত হওয়া গেছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ড. ওয়াসিমের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

গোপালগঞ্জ জেলার সন্তান অবিভক্ত পাকিস্তানের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী ওয়াহিদুজ্জামানের ছেলে ওয়াসিম জাতিসংঘে কাজ করেছিলেন।

ইউএনএফপিএ’র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ম্যানেজমেন্ট অব পপুলেশন প্রোগ্রামের নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন চাকরির পর দু’বছর আগে অবসরে যান তিনি। পরে মালয়েশিয়ান একটি সংস্থার প্রধান হিসেবে যোগ দেন।

ওয়াসিমের (৬৫) তিনি মেয়ে থাকেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং বস্টনে। তার স্ত্রী থাকেন কুয়ালালামপুরে।

নিউ ইয়র্কে থাকা ড. ওয়াসিমের মেয়ে ফারিহা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা সারাজীবন মানবকল্যাণেই নিয়োজিত ছিলেন এবং তেমন একটি প্রকল্পের দায়িত্ব পালনকালেই দুর্বৃত্তের হামলার শিকার হলেন।”

ওয়াসিমের মৃত্যুর খবর জানার পর গোপালগঞ্জে থাকা তার স্বজনরাও শোকগ্রস্ত হয়ে পড়েন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন।

ড.ওয়াসিমের পৈত্রিক বাড়ি গোপালগঞ্জ শহরে থাকলেও তিনি ঢাকার কমলাপুরের বাড়িতে জন্মগ্রহণ করেন।

ওয়াহিদুজ্জামানের ৬ ছেলে ও ৩ মেয়ের মধ্যে  ওয়াসিম তৃতীয়। ১৯৬২ সালে তিনি ঢাকা সেন্ট গ্রেগরী স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৬৪ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে চাকরিরত অবস্থায় ১৯৭৪ সালে ওয়াসিম পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান। পরে সেখানেই স্থায়ী হন তিনি।

ওয়াসিমের চাচাত ভাই গোপালগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ সদস্য এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার লাশ ঢাকায় এনে দাফন করা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

গোপালগঞ্জে ড. ওয়াসিমের তেমন একটা যোগাযোগ ছিল না বলে শরফুজ্জামান বলেন।