পুলিশ হত্যা মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় পুলিশ সদস্য হত্যা মামলায় এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার দুন্দিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আবু হানিফকে (৪০) গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
হানিফ ওই এলাকার ছফির উদ্দিনের ছেলে।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, গত ২৫ অক্টোবর জলঢাকায় জামায়াত-শিবির কর্মীরা ব্যাপক নাশকতা সৃষ্টি সময় পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এতে জামায়াত-শিবিরের হামলায় পুলিশ কনস্টেবল আজিজুর রহমান (৪৯) গুরুতর আহত হন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই ঘটনায় জলঢাকা থানা পুলিশ মামলা করে।
