চট্টগ্রামে ইপিজেডে শ্রমিক বিক্ষোভ
মালিক পক্ষের করা কাজের সময়ের পুনর্বণ্টনের প্রতিবাদে চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে।
সিইপিজেড থানার ওসি আবুল মনসুর জানান, শনিবার সকাল ৮টা থেকে ৫ নম্বর সড়কের ‘মিঠুন নিটিং অ্যান্ড ডাইয়িংয়ের’ কয়েকশ শ্রমিক বিক্ষোভ শুরু করে।
বেলা ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সেখানে ছিলেন।
শিল্প পুলিশের ওসি আবুল মনসুর ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কারখানার শ্রমিকরা আগে ২৪ কর্মঘণ্টা দুই শিফটে কাজ করতেন। কিন্তু সম্প্রতি মালিকপক্ষ আট ঘণ্টা করে তিন শিফট করে দেয়ায় শ্রমিকরা কারখানায় গিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
“তিন শিফট করায় অতিরিক্ত ওভারটাইম থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন শ্রমিকরা। এতে তাদের আয়ও কমে গেছে বলে তাদের দাবি।”
তবে শ্রমিকরা শান্তিপূর্ণ ভাবেই কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছে পুলিশ। সমস্যা সমাধানে মালিকপক্ষের সঙ্গে আলাপ চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
