সিলিন্ডার বিস্ফোরণ: বাঁচানো গেল না প্রমিকেও
চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরো একজন মারা গেছে।
শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় প্রমি আক্তার (৭) মারা যায়। সে দুবাই ফেরত মোহাম্মদ শফীর মেয়ে।
বার্ন ইউনিটের প্রধান ডা. মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রমির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত সোমবার দুপুরে দুবাই ফেরত মোহাম্মদ শফীকে শাহ আমানত বিমানবন্দর থেকে নিয়ে আসার পথে ভুজপুরের সুয়াবিল এলাকায় সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে শফীর মা বুলবুলি বেগম, শাশুড়ি হালিমা খাতুন ও ভাবি পারভিন আক্তার মারা যান।
শফীর বাড়ি ভুজপুরের হারবাংছড়ি গ্রামের আমান বাজারের মিয়া বাড়িতে।
হাসপাতালে এখনো লাভলী আক্তার (৯), শারমিন আক্তার (১১), সুমি আক্তার (১১) ও মরিয়ম বেগম (৫২) চিকিৎসাধীন। এদের মধ্যে লাভলী ও শারমিনও শফীর মেয়ে। সুমি শফীর বড়ভাইয়ের মেয়ে। মরিয়ম তার বড়ভাই আবদুস সাত্তারের শ্বাশুড়ি।
আনন্দযাত্রা পরিণত শোকযাত্রায়
গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ৩ নারী নিহত
