নির্বাচনী কার্যালয় ভাংচুরে সাবেক প্রতিমন্ত্রী ওমরের বিরুদ্ধে মামলা
ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুরসহ বিভিন্ন সংহিসতার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমরের নামে একটি মামলা হয়েছে।
উপজেলার বড়াইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহারাজ হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় শুক্রবার বিকালে এ মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলায় তার সঙ্গে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাসিম উদ্দিন আকন এবং রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ৮০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ১৯ ও ২০ মার্চ উপজেলার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাংচুর, নেতাকর্মীদের মারধর এবং আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে এ মামলা হয়েছে।
এ ঘটনায় শাহজাহান ওমর বলেন, “২৩ মার্চের নির্বাচনে নিশ্চিত পরাজয় ঠেকাতে মামলা দিয়ে আমিসহ বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার অপচেষ্টা করছে আওয়ামী লীগ।
আগামী ২৩ মার্চ ঝালকাঠী জেলার ৪টি উপজেলায় চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রাজাপুর উপজেলায় চেয়ারমান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির এবং বিএনপি সমর্থিত নাসিম উদ্দিন আকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
