শিক্ষিত নারী সমাজকে শান্তির পথে নেবে: প্রতিমন্ত্রী
শিক্ষায় নারীরা যতো বেশি অগ্রসর হবে, সামাজিক শান্তির সম্ভাবনা ততো বাড়বে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
নারী শিক্ষা ও ক্ষমতায়ন নিয়ে জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন প্রতিমন্ত্রী।
জাতিসংঘের এ অধিবেশনে ‘২০১৫ সালের পর কেমন বিশ্ব চাই’- শিরোনামে সুপারিশমালা তৈরির কথা রয়েছে।
অধিবেশনের ফাঁকেই ‘গার্লস এডুকেশন: এন ইফেক্টিভ টুল ফর এমপাওয়ারমেন্ট’ শীর্ষক ওই সেমিনারে যোগ দেন চুমকি।
তিনি বলেন, “উন্নয়নের গতি ত্বরান্বিত করতে নারী শিক্ষার বিকল্প নেই এবং শিক্ষিত নারীর সংখ্যা যতো বাড়বে সামাজিক শান্তির প্রত্যাশাও ততো সমৃদ্ধ হবে। এমডিজির অন্যতম লক্ষ্য নারী শিক্ষা। আর নারীদের কাজের ক্ষেত্র প্রসারে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী পথপ্রদর্শক।”
প্রতিমন্ত্রী ছাড়াও ইউএনউইমেন- গুল্ডেন তুর্কজ কোসেলে, গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভ (জিইএফআই) এর বিবেক জেনসেন, ইউনিসেফের প্রতিনিধি ও ব্র্যাক এর শিপা হাফিজা হিসাবে বক্তৃতা দেন।
সেমিনারে সঞ্চালকের দায়িত্বে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন।
এদিকে বুধবার সন্ধ্যায় ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির এক আলোচনা সভায় প্রতিমন্ত্রীকে বিশেষ সম্মাননা দেয় হয়।
নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ।
