হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় বাসের ধাক্কায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের কাছের এ দুর্ঘটনায় একজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, নবীগঞ্জের আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের কাছে বেলা সাড়ে তিনটার দিকে সিলেটগামী সুরমা এক্সপ্রেসের যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী একটি প্রাইভেট কারকে ধাক্কা লাগে।
এতে কারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেট কারের এক নারী যাত্রী নিহত এবং আরেক নারীসহ দুজন আহত হন।
আহতদেরকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আহত অজ্ঞাত পরিচয় পুরুষকে মৃত ঘোষণা করেন বলে জানান হুমাযুন কবির।
আহত নারী যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
