আল্ট্রাসনোগ্রাফি গ্রামেও নিয়ে যেতে হবে: তথ্যমন্ত্রী
রোগ নির্ণয়ে আল্ট্রাসনোগ্রাফির বৈপ্লবিক ভূমিকার কথা স্মরণ করে এই সুযোগকে গ্রামের মানুষের কাছেও পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আল্ট্রাসনোগ্রাফি পেশাজীবিদের সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেছেন, “আল্ট্রাসনোগ্রাম রোগ নির্ণয়ে বৈপ্লবিক ভূমিকা রাখছে। একে শুধু শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতেও চেষ্টা করতে হবে।”
আল্ট্রাসনোগ্রাফারদের সরকারি নিবন্ধন পেতে তিনি সরকারের কাছে তদবির করবেন বলে আশ্বাস দেন।
রূপসী বাংলা দি বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসোনগ্রাফির ২৬তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনু আরো বলেন, “দলবাজি আর দুর্নীতি গণতন্ত্রকে দুর্বল করে। জঙ্গিবাদ গণতন্ত্রকে ধ্বংস করে।”
তাই দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ওপর জোর দেন তথ্যমন্ত্রী।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মিজানুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান সাহানা আফরোজ।
