যৌন-হয়রানির অভিযোগে প্রাথমিকের শিক্ষক বরখাস্ত
ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে বেনাপোলের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শার্শার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর কাদেরের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বুধবার বিকালে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।
“তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে বরখাস্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ পাঠানো হয়েছে ।”
ঘটনার শিকার বিদ্যালয়ের ছাত্রীরা শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় আপত্তিকর আচরণ, মোবাইল ফোনে ধারণ করা অশালীন ছবি দেখানোর অভিযোগ আনে।
অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
ওই স্কুলের শিক্ষিকা পারভিন আক্তার ও মাহফুজা খাতুন জানান, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আব্দুল কাদের পঞ্চম শ্রেণির ছাত্রীদের সাথে আশালীন আচরণ করে আসছিলেন। সম্প্রতি তার যৌন হয়রানির মাত্রা বেড়ে যায়।
বিষয়টি ছাত্রীরা প্রথমে তাদের অভিভাবকদের জানায়।
গত সাতদিন স্কুলটিতে লেখাপড়া রয়েছে বন্ধ রয়েছে বলে জানান শিক্ষিকারা।
এদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুল কাদেরের বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। একটি মহল আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।”
