এবার দুই নারী আসন সবার জন্য উন্মুক্ত: ইসি
সংরক্ষিত দুটি নারী আসনে প্রতিদ্বন্দ্বিতায় সংসদে প্রতিনিধিত্বকারী আটটি দল ও জোট সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে।
এই দুই আসনে এখন দুজন মনোনয়নপত্র জমা দিলে তাদের নির্বাচিত ঘোষণা করা হবে। দুটির বেশি মনোনয়নপত্র পেলে সংসদ সদস্যদের ভোটে দুজনকে নির্বাচিত ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।
সংরক্ষিত ৫০ আসনে ততটি মনোনয়নপত্র জমা হলেও আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল হয়। পরে ইসিতে আপিল করলেও তাতে হেরে যান এ দুই জন।
ইসি সচিব জানান, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৮ জনের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। বাকি দুই জনের মনোনয়ন বাতিল হওয়ায় বৃহস্পতিবার থেকে পরবর্তী ২১ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
রাজনৈতিক দলের জন্য আনুপাতিক হারে সংরক্ষিত আসন বরাদ্দ হয়। কিন্তু বাকি দুই আসনের জন্য তা আর হচ্ছে না।
সিরাজুল বলেন, “এটা সবার জন্যে উন্মুক্তভাবে হবে। দুজনের চেয়ে বেশি মনোনয়নপত্র পেলে তাদের নির্বাচিত করতে সংসদ সদস্যদের ভোট দিতে হবে।”
দশম সংসদে বর্তমানে ২৯৭ জন সংসদ সদস্য রয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জেপি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, বিএনএফ ছাড়াও স্বতন্ত্রদের জোট রয়েছে এবার।
সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আইন, ২০০৪ এর ৩০ ধারায় বিশেষ বিধানে বলঅ হয়েছে, সকল আসনে মনোনয়নপত্র পাওয়া না গেলে ওই দল বা জোটের আসনগুলো সব রাজনৈতিক দল ও জোটের মধ্যে নির্বাচনের জন্য উন্মুক্ত করা হবে।
তবে দল ও জোটগতভাবে প্রার্থী মনোনীত করতে হবে। এক্ষেত্রে প্রস্তাবক-সমর্থক ওই দলের না হলেও চলবে।
ইসি কর্মকর্তারা জানান, দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয়বার নারী আসনের তফসিল দিতে হচ্ছে।
