গাইবান্ধায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর জরিমানা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘনের কারণে আওয়ামী লীগ সমর্থিত এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ বৃহস্পতিবার সফিউল ইসলাম আলমকে দুই হাজার টাকা জরিমানা করেন।
সফিউল কঞ্চিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইউএনও মোহাম্মদ আরিফ জানান, উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড়ে সফিউল ইসলাম মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালাচ্ছিলেন।
এ কারণে তাকে সতর্ক করে দিয়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
