আ. লীগ নেতার শ্যালকের গুদামে ‘ছিনতাইয়ের চাল’
নাটোরের সিংড়ায় একটি চালের গুদাম থেকে সাড়ে তিনশ বস্তা চাল জব্দ করা হয়েছে, যেগুলো কিছুদিন আগে সিরাজগঞ্জ থেকে ছিনতাই হয়েছিল বলে পুলিশের ধারণা।
ওই গুদামের মালিকের নাম আবু বকর। তিনি সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের শ্যালক বলে স্থানীয়রা জানিয়েছেন।
বর্তমানে গুদামটি আবু বকরের ছেলে রঞ্জু এবং তার বন্ধু সুমন ও শুভ পরিচালনা করেন।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “উদ্ধার হওয়া চালগুলো ট্রাক থেকে চুরি হওয়া চাল বলে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের নাম বলা যাবে না।”
আতপ চালগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
পুলিশ কর্মকর্তা শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে একই পরিমাণ আতপ চাল বোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়। ওই সময় হামলাকারীরা চালককে পিটিয়ে চাল ছিনতাই করে।
গোপন সংবাদ পেয়ে পুলিশ বুধবার রাতে আবু বকরের গুদামে অভিযান চালায়।
ওসি জানিয়েছেন, এরইমধ্যে চালের বস্তা পাল্টানো হয়েছে। এগুলো ছিনতাই হওয়া চাল কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
