২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৈত্রের খরতাপে স্বস্তির বর্ষণ

সদ্য শুরু হওয়া চৈত্রের দাবদাহের মধ্য দুপুরের আকাশে হঠাৎ মেঘের আনাগোনা। তারপর ঝড়ো বাতাস আর হালকা বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে শীতলতার পরশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 07:54 PM

Updated : 25 Apr 2022, 03:57 PM

বুধবার বিকাল সোয়া চারটার দিকে চট্টগ্রামে মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড়ে এক পশলা বৃষ্টি আর দমকা হাওয়ার পর কমেছে তাপমাত্রাও।

নগরীর পাশাপাশি চট্টগ্রামের কয়েকটি উপজেলার ওপর দিয়েও বয়ে গেছে ঝড়ো বাতাস।

ঝড়ে উপড়ে গেছে ফটিকছড়ি উপজেলার কাঞ্চনগরের একটি শতবর্ষী বট গাছ। তবে কোথাও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, গত কয়েকদিন চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আবহাওয়ার অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য মতে, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ধরা হয়েছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গরমের তীব্রতা বাড়তে থাকায় নগরবাসীর ভোগান্তি বাড়ছিল, তার সঙ্গে আছে লোডশেডিংও। তাই বৃষ্টির পর স্বস্তি নেমে আসে বিশেষ করে শ্রমজীবীদের মাঝে।

আমবাগান আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রিপন ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারটা ১০ মিনিটের দিকে প্রায় ১৭ নটিক্যাল মাইল বেগে পশ্চিম দিক থেকে কাল বৈশাখী ধেয়ে আসে।

“নগরীতে শূন্য দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কয়েকটি উপজেলাতেও বৃষ্টির খবর পাওয়া গেছে। এটি মৌসুমের প্রথম কাল বৈশাখী।”

সীতাকুণ্ড ও ফটিকছড়ির স্থানীয় সাংবাদিকরা জানান, এসব উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে।

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাদের জানান, কাঞ্চুরহাট বাজারে প্রায় শতবর্ষী একটি বট গাছ উপড়ে যায়। এতে কয়েকজন সামান্য আহত হন।