চট্টগ্রামে ধর্ষণের দায়ে পলাতক আসামির যাবজ্জীবন
বাকপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের দায়ে এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের এক আদালত।
বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডিত লিংকন দাশ (২৮) রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের বাসিন্দা স্বপন দাশের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
আগামী ছয় মাসের মধ্যে আসামির নিজের সম্পত্তি থেকে জরিমানার অর্থ সংগ্রহ করে ভিকটিমের পরিবারকে দিতে জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, বাকপ্রতিবন্ধী ওই কিশোরী ও লিংকন দুইজনই মধ্যম মোহরা এলাকার বাসিন্দা ছিলেন। ২০০৮ সালের ১৭ অগাস্ট ওই কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে লিংকন।
ঘটনার তিনদিন পর ২১ অগাস্ট ধর্ষিতার বাবা বাংলাদেশ মহিলা পরিষদের মাধ্যমে চান্দগাঁও থানায় লিংকনকে আসামি করে মামলা করেন।
একই বছরের ২৪ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগ পত্র জমা দেন এবং ২০১০ সালের ৫ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন।
চন্দন বলেন, রাষ্ট্রপক্ষের নয়জনের মধ্যে পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
বিচার চলাকালীন সময়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ধর্ষক লিংকন পলাতক বলে জানান তিনি।
