রাজবাড়ীতে বাজারে অগ্নিকাণ্ড
রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি বাজারে গভীর রাতে আগুন লেগে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।
পাংশা ফায়ার ব্রিগেডের কর্মকর্তা ফজলুল হক মণ্ডল জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ‘মৃগী বাজারে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খোকশা ফায়ার ইউনিট, পুলিশ ও এলাকাবাসী মিলে প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তার আগেই কামরুল হোসেন বাচ্চু, আবুল বাসার, ওমর ফারুখ, রওশন বিশ্বাস, নাদের হোসেন, আবু বক্কার, তরুন হোসেনের পাটের গুদাম, মীর শহিদুজ্জামানের হার্ডওয়্যারের দোকান এবং সিদ্দিকুর রহমানের কীটনাশকের দোকান ভষ্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাদের প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজলুল হক মণ্ডল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
