কেনিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র চিহ্নিতের আহ্বান রাষ্ট্রপতির
কেনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত এবং তা কার্যকর করতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ওয়াহিদুর রহমান মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাতে ওয়াহিদুর রহমান রাষ্ট্রপতিকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ কেনিয়ায় ওয়াহিদুর রহমানের বাসভবনে ডাকাতির ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য কেনিয়ার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়াহিদুর রহমানের বাসভবনে গত ২২ ফেব্রুয়ারি রাতে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাতদের হামলায় তিনি নিজেও আহত হন।
ওই বাসা থেকে ৫০০০ শিলিং এবং ২০০০ ডলার, তিনটি মোবাইল, একটি ল্যাপটপ, টেলিভিশনসহ অন্যান্য জিনিসপত্র লুট করে দুর্বৃত্তরা।
পরে সে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় সিকিউরেক্স সিকিউরিটি কোম্পানির দুই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করে পুলিশ।
