‘কন্যা শিশুদের শিক্ষিত না করলে ক্ষমতায়ন সম্ভব নয়’
কন্যা শিশুদের শিক্ষিত না করলে তাদের ক্ষমতায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নারী সংসদ-সদস্যদের ১৯তম সভায় তিনি এ কথা বলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিইউর ১৩০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার জেনেভায় যান স্পিকার।
সভায় শিরীন শারমিন বলেন, “বাংলাদেশে নারী শিক্ষার হার ত্বরান্বিত করতে স্কুল ও কলেজের নারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়। নারী ক্ষমতায়ন বিষয়ে নারী শিশুদের সচেতনতা বাড়াতে প্রতিবছর ‘কন্যা শিশু দিবস’ পালন করা হয়ে থাকে।”
মাতৃমৃত্যুর হার রোধে বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ এবং শিশুদের সুরক্ষায় আইনি পদক্ষেপের কথাও সভায় তুলে ধরেন স্পিকার।
শিরীন শারমিন চৌধুরী রোববার আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান ও লাওস পার্লামেন্টের স্পিকার প্যানি ইয়াথোটোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে লাওসের সঙ্গে দ্বি-পক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে এ বৈঠকে মত দেন শিরীন শারমিন।
