২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটখিলে যুবলীগ ও ছাত্রদল নেতা খুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় পাশাপাশি পুকুর ও খাল থেকে যুবলীগ ও ছাত্রদলের দুই নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 10:23 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, সোমবার পশ্চিম দেলিয়া গ্রামে যুবলীগ নেতা আল আমিন (৩০) ও ছাত্রদল নেতা মিখাইল হোসেন আকাশের (২২) লাশ পাওয়া যায়।

আল আমিন চাটখিল পৌর যুবলীগের সদস্য এবং মিখাইল হোসেন আকাশ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনো্য়ার হোসেন এবং জেলা যুবলীগ আহ্বায়ক ইকবাল করিম তারেক যথাক্রমে ছাত্রদল ও যুবলীগ নেতার পরিচয় নিশ্চিত করেন।

আশরাফুজ্জামান জানান, দেলিয়ায় বাজারের পশ্চিম পাশে কচুয়া খালে আকাশের লাশ পাওয়া যায়। এর প্রায় ১০ হাত দূরে পাওয়া যায় ব্যবহৃত দুটি কার্তুজ।

এছাড়া খালের তিনশ গজ দূরে আবদুল ওয়াদুদ ভূঞা বাড়ির পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায় আল আমিনের লাশ। এর কাছে পাওয়া যায় নাইলনের রশি ও গেঞ্জি।

আকাশের চোয়াল ও গলায় এবং আল আমিনের বুকে গুলিবিদ্ধ ছিল। ভোরে এ দুজনকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে, বলেন এই পুলিশ কর্মকর্তা।

লাশগুলো ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, ফজরের নামাজ পড়ে আসার সময় স্থানীয় লোকজন লাশ দুটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আল আমিন চাটখিল পৌরসভার ভিলপুর এলাকার আমিনুল ইসলাম ওরফে নোয়া রাজার ছেলে। মিখাইল হোসেন আকাশ চাটখিলের ফাওড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।