২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সেই দম্পতির মৃত্যু ‘দুর্ঘটনায়’

চট্টগ্রাম নগরীর ফিরোজ শাহ কলোনিতে স্কুলশিক্ষক রাজীব চৌধুরী ও তার স্ত্রী সঞ্চিতা শীলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের স্বজনরা দাবি করলেও ‘দুর্ঘটনায়’ এ দম্পতির  মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 01:37 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের করা এ প্রতিবেদন শনিবার পুলিশের হাতে আসে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেদনে দুজনের মৃত্যু দুর্ঘটনাজনিত বলে উল্লেখ করা হয়েছে।

গত ৬ মার্চ নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির বাসিন্দা ও পূর্ব ফিরোজ শাহ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজীব চৌধুরী (৪০) ও তার স্ত্রী হাটহাজারী উপজেলা খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক সঞ্চিতা শীল (৩৫) মারা যান।

‘দুর্ঘটনায়’ তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও নিহতের স্বজনরা দাবি করেন,  পরিকল্পিতভাবে তাদের দুজনকে খুন করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, “নিহত সঞ্চিতা শীল তিন তলা ভবনের ছাদ থেকে পড়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং তার স্বামী রাজীব চৌধুরী ভেঙে পড়া ছাদের অংশ বিশেষের আঘাতে মারা গেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।”

দুর্ঘটনার দিন আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৬টার দিকে সঞ্চিতা শীল তিন তলা ভবনের ছাদে দাঁড়িয়ে ফুল তুলছিলেন। নিচে দাঁড়ানো ছিলেন স্বামী রাজীব চৌধুরী। সঞ্চিতা ছাদ থেকে ফুল তুলে নিচে রাজীবকে ছুড়ে দিচ্ছিলেন।

“ছাদের রেলিং কয়েকদিন আগে তৈরি। অসাবধানতাবশত ছাদের রেলিং ভেঙে সঞ্চিতা নিচে দাঁড়ানো রাজীবের ওপর গিয়ে পড়েন। এতেই দুজন মারা যান।”

ওইদিনই ময়নাতদন্তের জন্য তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত দম্পতির অক্ষয়া চৌধুরী অর্পা নামে নয় বছর এবং আদৃতা চৌধুরী নামে সাড়ে তিন বছরের দুটি মেয়ে রয়েছে।

চট্টগ্রামে স্বামী-স্ত্রীর ‘রহস্যজনক' মৃত্যু