প্রধানমন্ত্রীর সঙ্গে মাহাথির মোহাম্মদের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ।
শনিবার সন্ধ্যায় সস্ত্রীক গণভবনে শেখ হাসিার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, “মাহাথির মোহাম্মদ বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রভূত উন্নতি করেছে।” বিশেষ করে অবকাঠামো খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী। সাক্ষাতে শেখ হাসিনা বলেন, শুধু রাজধানী নয়, তার সরকার সারা দেশের উন্নয়নে কাজ করছে।
গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করায় গ্রাম থেকে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা কমে গেছে বলে মন্তব্য করেন তিনি। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ তথ্যপ্রযুক্তি খাতে ‘ব্যাপক’ উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান। সাক্ষাৎকালে মাহাথির মোহাম্মদের সঙ্গে তার স্ত্রী সিতি হাসমাহ মো. আলী, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শামসুল আকমার বিন মুসা কামাল এবং বাংলাদেশে মালয়েশিযার রাষ্ট্রদূত নরলিন ওথম্যান উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। গণভবনে মাহাথির মোহাম্মদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন শেখ হাসিনা। স্ত্রীকে নিয়ে নৈশভোজে যোগ দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।
