নির্বাচন কর্মকর্তাকে পেটালেন ওসি
বরিশালের হিজলায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তাকে পেটানোর অভিযোগ ইসির কাছে এসেছে।
শনিবার ৮১টি উপজেলায় ভোট গ্রহণের মধ্যে দুপুরে বরিশালের রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার এক ফ্যাক্সবার্তায় এই অভিযোগ করেন।
এতে বলা হয়, হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষণের সময় সহকারি রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধর করেছেন নির্বাচনের দায়িত্ব পালন করতে এই উপজেলায় আসা বাকেরগঞ্জ থানার ওসি।
পেটানোর পাশাপাশি নির্বাচন কর্মকর্তা জাহিদকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয় বলেও বলা হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার অভিযোগনামায়।
সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সহকারী হিরণ বেপারীও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ইসিকে জানান, এ বিষয়টি বরিশালের পুলিশ সুপারকে জানানো হলে ওই ওসিকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিককে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
ইসির একজন নিজস্ব কর্মকর্তার ওপর এই নির্যাতনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি সচিবের কাছে আবেদন করেছেন রিটার্নিং কর্মকর্তা।
ইসি কর্মকর্তারা জানান, কমিশনে বিষয়টি উপস্থাপনের পর করণীয় ঠিক করা হবে।
ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার আবদুল মোবারক সাংবাদিকদের বলেন, নির্বাচনী কর্মকর্তাকে শারীরিক লাঞ্ছণার জন্য বাকেরগঞ্জের ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
“কারো ওপর আক্রমণ করলে কাউকে ছাড় দেয়া হবে না। ফৌজদারি অপরাধে তার বিরুদ্ধে মামলা হবে।”
