২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০

সাভার পৌর এলাকায় কারখানা খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 12:31 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

শনিবার সকালে গেন্ডা মহল্লার এ ঘটনায় পুলিশ লাঠিপেটা করলে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ‘ঢাকা সোয়েটার লিমিটেডের’ শ্রমিকরা ঢাকা-আরিচা মহসড়ক অবরোধের চেষ্টা করলে তাদের মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকরা কাজে এসে কারাখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস ঝুলানো দেখে ক্ষুব্ধ হয়ে উঠে।

সাড়ে ৮টার দিকে প্রায় কয়েকশ শ্রমিক কারখানার সামনে ইট ছুড়ে এবং  ঢাকা-আরিচা মহসড়ক অররোধের চেষ্টা করে।

উত্তেজিত শ্রমিকরা সেখানে বেশ কয়েকটি যানবাহনের ইট ছুড়ে ভাংচুরও চালায়। পরে পুলিশ তাদের উপর লাঠিপেটা করে। শ্রমিকরাও পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এতে কমপক্ষে ৩০ জন আহত হন।