২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুজন খুন

কুষ্টিয়ায় দুই উপজেলায় এক রাতে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ এবং ছিনতাইকারীর হাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 07:33 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার রাতের এসব ঘটনায় নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের কৃষক ওয়াজেদ আলী (৭৮) এবং কাপড় ব্যবসায়ী মিলন কর (৪৫)। মিলন সদর উপজেলার মিলপাড়া এলাকার মৃত শচীন্দ্র নাথ করের ছেলে।

দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন জানান, ভোররাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ওয়াজেদ নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে রাত সাড়ে ৩টার দিকে শালিমপুর এলাকার প্রতিপক্ষ মৃত বক্স মণ্ডলের ছেলে জানবার আলী, মোস্তফা ও আব্দুল মান্নানসহ সাত থেকে আটজনের একটি দল ওয়াজেদের ক্ষেতের গম কাটতে থাকে।

এ খবর পেয়ে ওয়াজেদ আলী ও তার দুই ছেলে ক্ষেতে গিয়ে তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।  খবর পেয়ে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ওয়াজেদ মারা যান।

গুরুতর আহত অবস্থায় তার দুই ছেলে একরামুল হক (৪৫) ও আক্কাস আলীকে (৪২) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার আবুল হাসনাত জানান, একরামুল ও আক্কাস মাথায় আঘাত পেয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মিরপুর উপজেলা সদরের মাঠপাড়া এলাকার মাঠে ব্যবসায়ী মিলন করকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এই ঘটনায় মিলনের সঙ্গী গৌতম কুমার সাহা (৪০) গুরুতর আহত হন।

মিরপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, ব্যবসার টাকা তুলে মোটরসাইকেল করে ভেড়ামারা থেকে মিরপুর হয়ে কুষ্টিয়া ফিরছিলেন গৌতম ও মিলন। মাঠপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় দড়ি দিয়ে তাদের পথরোধ করে।

এসময় দুর্বৃত্তরা মিলনকে লোহার বড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তারা গৌতম কুমার সাহাকে হাত-পা বেঁধে রেখে মোটরসাইকেল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।