২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি গেলেন মইন উ আহমেদ

স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাইরে পাড়ি দিলেন অবসরপ্রাপ্ত জেনারেল মইন উ আহমেদ, যাকে এক/এগারোর অন্যতম কুশীলব বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 02:18 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ওমরাহ করার জন্য বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশ্যে জন এফ কেনেডি বিমানবন্দর ছাড়েন মইন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী নাজনীন আহমেদও।

মইনের ঘনিষ্টরা জানিয়েছেন, ২৬ মার্চ তার যুক্তরাষ্ট্র ফেরার কথা রয়েছে।

ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে চিকিৎসাধীন জেনারেল মঈন কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড (স্থায়ীভাবে বসবাসের অনুমতি) পান।

২০০৯ সালের ১৪ জুন অবসর নেয়ার পর সস্ত্রীক যুক্তরাষ্ট্রে আসেন জেনারেল মঈন। ফ্লোরিডায় তার ছোটভাই এবং ছেলের সঙ্গে কিছুদিন থাকার পর তার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে যান সাবেক এই জেনারেল।সেই থেকে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় এক আত্মীয়ের বাসায় থাকছেন তিনি। ঈদসহ বিভিন্ন পার্বনে প্রকাশ্যে দেখা গেলেও কখনোই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোন কথা বলেননি মইন উ আহমেদ। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ। ওই সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন মইন উ আহমেদ। তবে নির্বাচনের পর তারা দুজনই দেশ ছাড়েন।

ফখরুদ্দীন ও মইন আহমেদের সময়কার সমালোচনা এখনো দুই প্রধান দলের রাজনীতিকদের মুখে রয়েছে। তাদের দুজনকে সংসদীয় একটি কমিটি তলব করলেও তারা দেশে আসেননি।