২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব রেলে দুর্নীতির মামলায় বাদির জবানবন্দি

পূর্ব রেলে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের করা একটি মামলায় জবানবন্দি দিয়েছেন মামলার বাদি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 09:48 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আতাউর রহমানের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের (দমন) ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।

দুদকের পিপি মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার বাদি জবানবন্দি দিয়েছেন। আগামী ২৫ মার্চ পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। সেদিন বাদিকে জেরা করা হবে।

গত ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এই মামলায় পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

অভিযুক্ত আসামিরা হলেন- পূর্ব রেলের তৎকালীন সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, পূর্ব রেলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা, সহকারী কেমিস্ট পদপ্রার্থী সুলতানা বেগম ও গণেশ চন্দ্র শীল।

২০১২ সালের ১৩ সেপ্টেম্বর মৃধাসহ পাঁচ আসামরি বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সালের ৫ এর ২ ধারা এবং দুদক আইনের বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।

২০১৩ সালের ১৮ অগাস্ট আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়।

পূর্ব রেলের সাবেক জিএম মৃধার বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগে এই পাঁচটিসহ ১৩টি মামলা রয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৩ মার্চ ইউসুফ আলী মৃধা আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মৃধার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের করা ১৩টি মামলা রয়েছে।

এর মধ্যে ‘সহকারী কেমিস্ট’ ও ‘ফুয়েল চেকার’ পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধাসহ অন্য আসামিদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে।

‘এছাড়া টুলকিপার’, ‘টিকেট ইস্যুয়ার’ ও ‘ট্রেড অ্যাপ্রেনটিস’ পদে নিয়োগের মামলায় মৃধাসহ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে।

২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদর দপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পর ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদারও।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল, যা আদায় করা হয়েছে রেলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে।

এরপর পূর্ব রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওই বছর ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কোতোয়ালি থানায় ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।